নিজস্ব প্রতিবেদক কালোবাজারিরা তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও অসাধু চক্র মজুতের মাধ্যমে বাজারে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তেল পাম্প মালিকদের সংগঠন থেকে সতর্ক করে বলা হয়েছে, ক্রেতারা সংযত না হলে আগামী ১০ দিনের মধ্যে পাম্পগুলোতে তেলের ঘাটতি দেখা দিতে পারে। সংগঠনটির পক্ষ থেকে অপ্রয়োজনীয় মজুত বা অতিরিক্ত কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, সরবরাহ স্বাভাবিক রাখতে বাজারে নজরদারি জোরদার এবং ভোক্তাদের সচেতনতা বাড়ানো জরুরি।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.