জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাথাইলকান্দি ২নম্বর ব্রিজের কাছে রোববার (২৩ মার্চ) সকালে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত
একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হচ্ছেন- কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা এলাকার ছাকু মন্ডলের ছেলে অটোরিকশা চালক হাসেন আলী (৫৫) এবং একই এলাকার মো. লালমিয়ার ছেলে সবুজ (১৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ১১টার দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভাবলা গ্রামের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি যমুনা সেতু-ঢাকা মহাসড়কে উঠলে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাসেন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী সবুজের মৃত্যু হয়।
যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.