
অনলাইন ডেস্ক: কানাডার টরন্টো শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সন্দেহভাজনকেও শনাক্ত করা সম্ভব হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় ভোর প্রায় ৫টার দিকে গুলির শব্দ শোনা যায়। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
টরন্টো পুলিশ অপারেশনস জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে দূতাবাসের আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে গত রোববার একটি বিস্ফোরণের ঘটনাও তদন্ত করছে দেশটির পুলিশ। কর্মকর্তারা ধারণা করছেন, সেখানে তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়ে থাকতে পারে। ওই ঘটনায় সামান্য ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার সঙ্গে এসব ঘটনার সম্ভাব্য কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে টরন্টো শহরে কয়েকটি স্থাপনায় গুলির ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো।
গত এক সপ্তাহে টরন্টোর তিনটি ইহুদি সিনাগগে গুলি চালানোর ঘটনা ঘটেছে। পাশাপাশি ইরান সরকারের সমালোচক এক ইরানীয়-কানাডীয় ব্যক্তির মালিকানাধীন একটি বক্সিং জিমেও গত সোমবার গুলি চালানোর ঘটনা ঘটে।
অন্যদিকে অসলোতে দূতাবাসের বাইরে হওয়া বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে নরওয়ের পুলিশ। ঘটনাগুলোর প্রকৃত কারণ ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।











