অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৪০টির বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন।
সম্মেলনের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। উদ্বোধনী অধিবেশনে ডা. জুবাইদা রহমান শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি দেশের ভবিষ্যৎ শিশুদের যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর নির্ভরশীল এবং প্রাথমিক পর্যায় থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তির ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান। তিনি জানান, সরকার শিক্ষকদের জন্য ট্যাবলেট সরবরাহ, ডিজিটাল পাঠ্যক্রম চালু এবং মাল্টিমিডিয়া শিক্ষাব্যবস্থা সম্প্রসারণে কাজ করছে, যা শহর ও গ্রামের শিক্ষাগত বৈষম্য কমাতে সহায়ক হবে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, নারীশিক্ষা সম্প্রসারণে অতীতে নেওয়া পদক্ষেপের ধারাবাহিকতায় উচ্চশিক্ষা পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত প্রযুক্তি প্রদর্শনীতে শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করা হয়, যা ডা. জুবাইদা রহমান ও তার প্রতিনিধিদল পরিদর্শন করেন। সফরসঙ্গী হিসেবে অনুষ্ঠানে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান।
সম্মেলনের সমাপনী অধিবেশন বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ডা. জুবাইদা রহমান অংশগ্রহণ করবেন। তিনি বৈশ্বিক অংশীদারত্ব জোরদারের মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.