এফডিআই প্রবাহ কমেছে ২৯%, মূলধনি যন্ত্র আমদানি হ্রাস ২৬%

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই–এপ্রিল) দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) নিট প্রবাহ কমেছে প্রায় ২৯ শতাংশ। একই সময়ে মূলধনি যন্ত্র আমদানিও কমেছে প্রায় ২৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যালান্স অব পেমেন্ট (বিওপি) পরিসংখ্যান অনুযায়ী, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত নিট এফডিআই প্রবাহ দাঁড়িয়েছে ৯১ কোটি ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের ১২৭ কোটি ৮০ লাখ ডলারের তুলনায় ২৮ দশমিক ৭৯ শতাংশ কম।

একই সময়ে মূলধনি যন্ত্র আমদানির জন্য খোলা ঋণপত্রের (এলসি) অর্থমূল্য দাঁড়িয়েছে ১৪১ কোটি ৯১ লাখ ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের ১৯৫ কোটি ৬২ লাখ ডলারের তুলনায় ২৭ দশমিক ৪৬ শতাংশ কম। এ ছাড়া ঋণপত্র নিষ্পত্তি বা কার্যকর আমদানি ব্যয় হয়েছে ১৭০ কোটি ৭২ লাখ ডলার, যেখানে গত অর্থবছরে ছিল ২১৩ কোটি ৩৩ লাখ ডলার—হ্রাসের হার ২৫ দশমিক ৫৬ শতাংশ।

সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ছাত্র-জনতার গণ-আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়। এরই প্রভাবে জুলাই–সেপ্টেম্বরে এফডিআই প্রবাহে বড় ধরনের পতন ঘটে, যার ছায়া পড়েছে পুরো ১০ মাসের পরিসংখ্যানে। তবে অক্টোবর থেকে কিছুটা ঘুরে দাঁড়ায় বিদেশি বিনিয়োগ প্রবাহ।

বাংলাদেশ ব্যাংকের প্রান্তিক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই–সেপ্টেম্বরে নিট এফডিআই প্রবাহ ছিল মাত্র ১০ কোটি ৪৩ লাখ ডলার। এরপর অক্টোবর–ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৪৯ কোটি ৪ লাখ ডলারে। তবে জানুয়ারি–মার্চ প্রান্তিকে আবারও হ্রাস পেয়ে আসে ২৬ কোটি ৬২ লাখ ডলারে, যা আগের প্রান্তিকের তুলনায় ৪৫ দশমিক ৭ শতাংশ কম।

শিল্প উদ্যোক্তারা বলছেন, নতুন শিল্প স্থাপনের পূর্বশর্ত মূলধনি যন্ত্রপাতি আমদানি। যেহেতু এসব যন্ত্রপাতি আমদানিনির্ভর, তাই আমদানি কমা মানে নতুন শিল্প স্থাপনে মন্থর গতি এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা সংকুচিত হওয়া। তাঁদের মতে, স্থানীয় বিনিয়োগকারীদের সক্রিয়তা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটি বড় ইতিবাচক বার্তা দেয়। কিন্তু বর্তমানে স্থানীয় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দেখা যাচ্ছে, যার প্রভাব পড়ছে বিদেশি বিনিয়োগেও।

বাংলাদেশ ব্যাংকের আরেক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বেড়েছে মাত্র ২ দশমিক ৬৩ শতাংশ, যেখানে গত অর্থবছরে একই সময়ে তা ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ—যা বিনিয়োগে স্থবিরতারই প্রতিফলন।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, “সরকার বিদেশি বিনিয়োগ আনার জন্য উদ্যোগ নিয়েছে, বিনিয়োগ সম্মেলনও হয়েছে। তবে বিদেশিরা বিনিয়োগ করে তখনই, যখন দেখে স্থানীয় বিনিয়োগকারীরা আগ্রহী। আমাদের যদি আত্মবিশ্বাস না থাকে, বিদেশিরাও এগিয়ে আসবে না।”

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে যৌথভাবে প্রায় ১০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। এর মধ্যে বিডা এককভাবে ৭৩৯টি শিল্প প্রকল্প নিবন্ধিত করেছে—এর মধ্যে শতভাগ বিদেশি ৬৬টি এবং যৌথ বিনিয়োগে ৬১টি।

বেজা ১৬টি প্রতিষ্ঠানের সঙ্গে জমি ইজারা চুক্তি করেছে, যার মধ্যে শতভাগ বিদেশি ছয়টি এবং যৌথ বিনিয়োগে তিনটি প্রকল্প রয়েছে। বেপজা ইজারা দিয়েছে ৩১টি প্রতিষ্ঠানকে।

৬ জুন বিডার ভেরিফায়েড ফেসবুক পেজে “আমলনামা” শীর্ষক এক পোস্টে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “আমাদের কাজ মূলত তিনটি স্তরে—নীতিনির্ধারণে পদক্ষেপ গ্রহণ, আগত বিনিয়োগকারীদের সমস্যা সমাধান এবং দেশের ভাবমূর্তি উন্নয়নের মাধ্যমে শক্তিশালী বিনিয়োগ পাইপলাইন গঠন। এক দিনে শত কোটি ডলারের বিনিয়োগ আসে না, এটি সময়সাপেক্ষ প্রক্রিয়া।”

তিনি জানান, ইতোমধ্যে একটি গার্মেন্টস, একটি এয়ারলাইন্সের অ্যামেনিটি কিট ও একটি ঘড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান নতুন করে বিনিয়োগ নিশ্চিত করেছে—যার সম্ভাব্য কর্মসংস্থান হবে ১০ হাজার মানুষের। আরও প্রায় ১৫টি প্রকল্প চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।

পোস্টের শেষে তিনি মন্তব্য করেন, “অক্টোবর–এপ্রিলের বিনিয়োগ পরিমাণ প্রায় গত বছরের সমান। এটি বিডার ব্যর্থতা বা কৃতিত্ব নয়, বরং অর্থনীতির টার্ন অ্যারাউন্ড—মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, বিনিময় হার স্থিতিশীলতা ইত্যাদির ফল।”

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ ও মূলধনি যন্ত্রপাতি আমদানি—দুই ক্ষেত্রেই চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বড় ধরনের হ্রাস লক্ষ্য করা গেছে। রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগকারীদের আস্থার সংকট এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির নিম্নগতি এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তবে আগামীতে বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে বিডা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খামেনির হত্যার কঠিন প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যায় জড়িত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (১ মার্চ) সকালে

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সিআরবি এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর) সকালে এই মিছিল করেন তারা। তবে পুলিশ

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, অংশ নেবেন প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল সাড়ে ৮টায়। জামাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী, প্রধান

আমরা দেশে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই: জামায়াতে ইসলামী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান। বাকিরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের। কিন্তু

রোড ডিভাইডার নেই, মহাসড়ক এখন মৃত্যুফাঁদ! চার মাসে প্রাণ গেল ৯ জনের, আতঙ্কে রায়গঞ্জবাসী

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকা এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। গত ছয় মাসে এই এক কিলোমিটার এলাকাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ

ইবতেদায়ি শিক্ষকদের মিছিলে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড, আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর প্রেস ক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদরাসা শিক্ষক আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে এ