নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আলোচিত ‘ওয়ান-ইলেভেন’ (২০০৭ সালের ১১ জানুয়ারি) রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে জড়িত দুই প্রধান ব্যক্তি—তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সেনাপ্রধান মইন ইউ আহমেদ—বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনীর সমর্থনে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে ছিলেন ফখরুদ্দীন আহমদ। পরবর্তীতে ২০০৯ সালে দায়িত্ব ছাড়ার কিছুদিন পর তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের পটোম্যাক এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন বলে জানা যায়। দীর্ঘদিন প্রবাসে থাকলেও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে তার সম্পৃক্ততা তুলনামূলক কম।
অন্যদিকে, সেনাপ্রধান হিসেবে দায়িত্ব শেষে ২০০৯ সালের মাঝামাঝি অবসর নেন মইন ইউ আহমেদ এবং একই বছরের জুনে যুক্তরাষ্ট্রে চলে যান। প্রথমদিকে তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যে পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার ‘মালটিপল মাইলোমা’ নামের ক্যানসার ধরা পড়ে। বর্তমানে তিনি ফ্লোরিডার পামবিচ এলাকায় অবস্থান করছেন এবং অসুস্থতার কারণে অনেকটাই নির্জন জীবনযাপন করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ‘ওয়ান-ইলেভেন’ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারকে ঘিরে নানা বিতর্ক ও অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট অনেকেই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.