
জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুধ ও দুগ্ধজাত পণ্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে দুধের গুণগত মান পরীক্ষা করা হয়। বিশেষ করে দহকুলা বাজার ও বাল্যপাড়া এলাকায় দুধ পরীক্ষা করে অধিকাংশ ক্ষেত্রে দুধের মান সন্তোষজনক পাওয়া যায়।
তবে সলপ ইউনিয়নের নামকরা সলপ এলাকার ঘোলঘরে ভেজাল প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে। ওই ঘোলঘরের স্বত্বাধিকারী মোঃ আব্দুল খালেক নিষিদ্ধ ঘোষিত চিনি ব্যবহার করে ঘোলতৈরি করায় খাদ্য নিরাপত্তা আইন, ২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানাটি আদায় করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আতিকুর রহমান। অভিযান পরিচালনা টিমে আরো ছিলেন সেনেটারি ইনেসপেক্টর মোঃ নজরুল ইসলাম।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালত উপজেলার আরও দুটি প্রতিষ্ঠানে জরিমানা করে। এর মধ্যে একটি ঘোলের দোকান এবং একটি মিষ্টির দোকানে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে অর্থদণ্ড দেওয়া হয়।











