
নিজস্ব প্রতিবেদক রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে জমজম টাওয়ার ও স্কয়ার মার্কেট সংলগ্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত উত্তেজিত জনতা বিক্ষোভ দেখালে পরিস্থিতি সহিংস রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রিকশাচালকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা উত্তরার স্কয়ার মার্কেটে ঢুকে পড়ে এবং নিচতলা থেকে শুরু করে তিন তলা পর্যন্ত বিভিন্ন দোকানে ভাঙচুর চালায়। এ সময় কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। হামলাকারীরা বিভিন্ন দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের তিনটি ফ্লোরের বেশিরভাগ দোকানই ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে নিরাপত্তারক্ষীরা কার্যত কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
ঘটনার পর এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে বিপুল সংখ্যক বিক্ষুব্ধ জনতার কারণে শুরুতে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়।
এদিকে পরিস্থিতি শান্ত করতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার আহ্বান জানান। তবে তার আহ্বানের পরও কিছু সময় ধরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা চলতে থাকে বলে স্থানীয়রা জানান।
পরে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।











