নিজস্ব প্রতিবেদক ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেন, ঈদযাত্রা ও ফিরতি যাত্রা—উভয় ক্ষেত্রেই এই কম ভাড়া কার্যকর থাকায় যাত্রীরা সন্তুষ্ট।
সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে পটুয়াখালী লঞ্চঘাট পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় তিনি ঢাকাগামী কয়েকটি লঞ্চে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি যাত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিমন্ত্রী জানান, রমজান মাসে দায়িত্ব নেওয়ার পর সরকারের প্রধান অগ্রাধিকার ছিল নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা। এ লক্ষ্যেই লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পটুয়াখালী-ঢাকা রুটে বর্তমানে ৪৫০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে, যা আগে ছিল ৫০০ টাকা।
লঞ্চঘাটের পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সার্বিক ব্যবস্থাপনা ভালো রয়েছে। তবে নদীর নাব্যতা সংকট দ্রুত সমাধানে আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী নৌবন্দরের উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.