অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই বিমান ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে এবং কয়েক দিনের মধ্যে হামলা চালানোর সক্ষমতা রয়েছে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এছাড়া, ৫০টিরও বেশি যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কারও সেখানে মোতায়েন করা হয়েছে। পেন্টাগন ইরান থেকে পাল্টা হামলার ঝুঁকি এড়াতে কিছু কর্মী সরানোর সিদ্ধান্তও নিয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, কূটনৈতিক সমাধানই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রাথমিক লক্ষ্য হলেও, পরিস্থিতি অনুযায়ী সামরিক ব্যবস্থা নেয়া হতে পারে। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র আগেও আঘাত হেনেছে, তবে ট্রাম্পের প্রথম পছন্দ হল চুক্তির মাধ্যমে সমাধান।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে মার্কিন বিমানবাহী রণতরী সমুদ্রগর্ভে ডুবে যেতে দেখা যাচ্ছে। তিনি লেখেন, "এই রণতরির চেয়েও বড় বিপদ হলো সেই অস্ত্র যা তাকে সমুদ্রের তলায় পাঠাতে পারে।"
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন, এবং বলেছেন যে, ইরানে নতুন হামলার পরিণতি বিশ্বব্যাপী খারাপ হতে পারে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.