আজ শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে। অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনেই স্পিকার নির্বাচন, শোক প্রস্তাব উত্থাপন এবং বিগত সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপনের কর্মসূচি রয়েছে।

সংসদের কার্যপ্রণালি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় অধিবেশনের শুরুতে একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের সভাপতিত্বে সেশন পরিচালিত হবে। পরে সংসদ নেতার প্রস্তাবে স্পিকার নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন-এর নাম আলোচনায় রয়েছে। স্পিকার নির্বাচনের পর অধিবেশন সংক্ষিপ্ত সময়ের জন্য মুলতবি করা হবে এবং পরে নবনির্বাচিত স্পিকারকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণ শেষে স্পিকার অধিবেশনে ফিরে এসে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম প্রস্তাব করবেন।

অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে শোক প্রস্তাব উত্থাপনও রয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে আলোচনা শেষে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।

এদিন বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে। এসব অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য সরকার ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে অধ্যাদেশগুলো বহাল থাকবে নাকি বাতিল হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অধিবেশনকে সামনে রেখে বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যরা পৃথক বৈঠক করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি দলের বৈঠকে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা পদে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে আলোচনা হয়। সেখানে স্পিকার পদে আলতাফ হোসেন চৌধুরী এবং সংসদ উপনেতা পদে গয়েশ্বর চন্দ্র রায়-এর নাম আলোচনায় আসে। চূড়ান্ত সিদ্ধান্ত সংসদ নেতা সংসদেই ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।

বিরোধীদলীয় বৈঠকে ডেপুটি স্পিকার পদে প্রার্থী দেওয়ার বিষয় এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি আলোচনা হয়। বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, সংসদে দলের সদস্যদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং ডেপুটি স্পিকার পদের বিষয়ে সংসদে প্রস্তাব এলে তখন সিদ্ধান্ত জানানো হবে। তিনি আরও জানান, রাষ্ট্রপতির ভাষণ বিষয়ে বিরোধী দলের আপত্তি রয়েছে এবং সংবিধান সংস্কার পরিষদ কার্যকর করার দাবি সংসদে উত্থাপন করা হবে।

সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, বর্তমান সংবিধানে বিধান না থাকায় সরকারদলীয় সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। ভবিষ্যতে এ সংক্রান্ত বিধান সংবিধানে যুক্ত হলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, প্রথম দিনেই বিগত সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে পেশ করা হবে এবং সেগুলো যাচাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রথম অধিবেশন দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা এপ্রিল পর্যন্ত চলতে পারে। এ সময়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের আলোচনা হবে।

এদিকে জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সংস্থাটির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় যান চলাচলে বাড়তি চাপ সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক বিভাগ ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে। এ সংসদে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতার দায়িত্বে থাকবেন। দীর্ঘদিন পর সংসদে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতিতে সংসদের কার্যক্রম আরও সক্রিয় হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতিসংঘের প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে বিএনপি: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সে দেশের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।

শাহজাদপুরে বাসদের লাল পতাকা মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর (সিরাজগঞ্জ): ৮ ঘণ্টা শ্রম, বাঁচার মতো ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিক স্বার্থবিরোধী সব কালাকানুন বাতিলের দাবিতে আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক

শাহজাদপুরে সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের

নাটোরে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ

শান্তিনগরে সিরাজ সেন্টারে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শান্তিনগরের বেইলিরোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে ভবনটির