নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিভিন্ন সিদ্ধান্তসংক্রান্ত তথ্য রাষ্ট্রীয় নথিপত্র ও ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করেছেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী নাগরিকদের সব তথ্য জানার অধিকার রয়েছে এবং এসব তথ্য সরিয়ে ফেলা আইনের সঙ্গে সাংঘর্ষিক।
রবিবার (৮ মার্চ) রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে ‘অনতিবিলম্বে তথ্য কমিশন গঠন এবং তথ্য অধিকার আইন, ২০০৯-এ প্রয়োজনীয় সংশোধন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে অনেক সিদ্ধান্ত অস্বচ্ছতার মধ্যে নেওয়া হয়েছে। প্রায় দেড় বছরেও তথ্য কমিশনকে কার্যকরভাবে প্রতিষ্ঠিত হতে দেওয়া হয়নি। এতে প্রশাসনে স্বচ্ছতার ঘাটতি তৈরি হয়েছে।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, সরকার পরিবর্তন হলেও রাষ্ট্র তার নিজস্ব ধারাবাহিকতায় থাকে এবং কেউই জবাবদিহির ঊর্ধ্বে নয়। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতার অভাব পাওয়া গেলে সে বিষয়েও টিআইবি কথা বলবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ইশতেহারে অন্তত ছয়টি ধারায় তথ্যের অধিকারের বিষয়টি উল্লেখ রয়েছে। তাই নতুন সরকারের কাছে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, তথ্য অধিকার আইন সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। নাগরিকদের সত্য জানার অধিকার রয়েছে এবং তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ কারও নেই। গত ১৬ বছরে দেশে গণতান্ত্রিক চর্চা দুর্বল ছিল বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও তথ্য অধিকার আইনের আওতায় আনার প্রস্তাব দেন, যাতে তাদের আর্থিক ও সাংগঠনিক হিসাব-নিকাশ সম্পর্কে জনগণ জানতে পারে।
এ সময় সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, তথ্য প্রবাহ স্বচ্ছ থাকলে দেশে এত অর্থ পাচার বা লুটপাট সম্ভব হতো না। তথ্য কমিশনে নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনার পরিবর্তে দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও বক্তব্য দেন জাকির হোসেন। তিনি বলেন, তথ্য কমিশনে দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক প্রভাব রয়েছে এবং অন্তর্বর্তী সরকারের সময়েও এটি কার্যকরভাবে কাজ করতে পারেনি। দ্রুত একটি স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠনের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শাহীন আনাম। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন হাসিবুর রহমান, নির্বাহী পরিচালক, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.